বিশেষ প্রতিনিধি
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা, যেখানে বক্তারা বলেছেন, বাংলাদেশের সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার জায়গা দখল করে নিচ্ছে স্বার্থনির্ভর সাংবাদিকতা।
রবিবার (০২ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে অংশ নেন গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া মাধ্যমের ৮৮ জন সাংবাদিক।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, সত্য বলার সাহস সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে সৎ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতার ঘাটতি স্পষ্ট। দলবাজি, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেন তাঁরা। বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোনো আপস চলবে না বলেও জানান বক্তারা।
শিশু অধিকার, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সাংবাদিকতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইন্টারনাল ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার দেবাশীষ রঞ্জন সরকার।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াকে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ প্রদান করা হয়; তাঁর হাতে স্বীকৃতি সনদ তুলে দেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।