গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গী রাজস্ব সার্কেলর আওতাধীন কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
সোমবার (৩ আগস্ট) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ জমা পড়ছিল। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এসব অভিযোগ তদন্ত ও যাচাই-বাছাই শেষে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে একযোগে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে যে, গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তবে জানা গেছে, প্রকৃতপক্ষে এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের ক্ষেত্রেই নেওয়া হয়েছে, জেলার অন্য কোনো ভূমি অফিস এর আওতায় পড়েনি।