গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (০৬ অগাস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—অভিযোগের বিষয়ে অনুসন্ধান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত কি না তা চিহ্নিত করা, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া।

গণমাধ্যমের খবরে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকরা বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করবে কমিটি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।