গাজীপুর কণ্ঠ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায়, সেভাবে দেশ পরিচালনা করা। চিন্তা-ভাবনা ও চলাফেরাসহ সবকিছুতে গণতন্ত্র না থাকলে বুঝতে হবে তা প্রতিষ্ঠিত হয়নি।”
তিনি বলেন, “তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে গেছি। সরকারকে ব্যর্থ বলে তাকে পাঁচ বছর যেতে দেব না বলছি— এগুলো ফ্যাসিস্টের ভাষা।”
বিএনপির মহাসচিব বলেন, “আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজ করেছে তার উল্টো।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা গণতন্ত্রের নাম নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করে দিয়েছেন।”
ফখরুল বলেন, “টেকসই গণতন্ত্রের জন্য পশ্চিমা দেশগুলোতে হাজার বছর লেগেছে। কিন্তু আমরা অস্থির।”
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা সবাই চাই এমন একটি চমৎকার গণমাধ্যম থাকুক, যেখানে আলোচনা-সমালোচনা সবই হবে। তবে টকশোর আলোচনা শুনলে মনে হয়, সরকার চরমভাবে ব্যর্থ, দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম যদি শক্ত থাকে, গণতন্ত্র টেকসই হবে।”