গাজীপুর কণ্ঠ ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে আছেন।
এবছর মোট ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাস করেছেন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র এ পরীক্ষা অংশ নিলেও পাস করেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
চলতি বছর ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। সে হিসাবে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচ এ পাঁচ পেয়েছেন।
সোমবার সকালে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তার বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গত আট বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
গত বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে ছিলেন ছাত্রীরা। সে বছর ৭১ দশমিক ০৩ শতাংশ ছাত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে ছিলেন ছাত্রীরা।
গতবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচ এ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। তাদের মধ্যে ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র; আর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ছিলেন। সেই হিসাবে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছিলেন।
গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
২০২৪ সালে ৮৪ দশমিক ৪৭ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।
সেবার জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র; আর ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ছিলেন।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম।
স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ।
এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করে। ২০০৭ সালের পর চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার সবচেয়ে কম। ওই বছর ৫৭ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।