গাজীপুর কণ্ঠ ডেস্ক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২০ অগাস্ট) বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই বিএনপির দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীকে ওই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।”
এর আগে গত ১৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ চার নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে নেওয়া হয়। এর ৫ দিনের মাথায় রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হল।
২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করে নেওয়া হয়।
কুড়িগ্রামের সন্তান রিজভী উচ্চ মাধ্যমিক শেষ করার পর বামপন্থী সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। পরে ছাত্রদলে যোগ দেন এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
রিজভী ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি ছিলেন আলোচিত।
আওয়ামী লীগ আমলে বিএনপির দুঃসময়েও রিজভী ছিলেন সরব। মামলায় মামলায় জেরবার নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, দিনের পর দিন রিজভী দলের দপ্তর আগলে রেখেছেন।