বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের সদর থানা এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, গুলি ও ১৯৫ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বুধবার মধ্যরাতে নগরের কাজীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন জাহিদুল ইসলাম হৃদয় (২৩) ও মৃকাঙ্গ দাস ত্রিপল (২১)।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীবাড়ি এলাকার একটি একতলা বাড়ির একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় জাহিদুল ইসলাম হৃদয় ও মৃকাঙ্গ দাস ত্রিপলের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১৯৫ গ্রাম হেরোইন, একটি রামদা, একটি বল্লম ও একটি সুইচগিয়ার চাকু জব্দ করা হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।