ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুৎকেন্দ্রটি ছোট ছিল এবং এর অচলাবস্থায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় প্রভাব পড়েনি বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র।

ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানি হ্যাকারদের সাইবার হামলায় যুক্তরাজ্যে চার দিন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল। গত জুলাইয়ে এ হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ দ্য টেলিগ্রাফ পত্রিকা।

হামলাকারীরা ইরান সরকারের সঙ্গে জড়িত। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার হ্যাকারদের হামলায় কোন কেন্দ্রে বিঘ্ন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

তবে তারা বলেছে যে, এই সাইবার হামলা কোনও বড় বিদ্যুৎকেন্দ্র বা জরুরি পরিষেবাকে টার্গেট করা হয়নি। সাইবার হামলা হয়েছে মূলত ছোট একটি বিদ্যুৎকেন্দ্রে। ফলে বৃহত্তর জ্বালানি ব্যবস্থা ঝুঁকিতে পড়েনি।

যুক্তরাজ্য সরকারও একই কথা বলেছে। তবে জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ (ডিইএসএনজি) সাইবার হামলার ঝুঁকি সম্পর্কে পরামর্শ দিতে বিদ্যুৎকোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছ।

যুক্তরাজ্যের বিদ্যুৎ নেটওয়ার্কে কয়েকটি ছোট গ্যাসচালিত কেন্দ্র রয়েছে। চাহিদা হঠাৎ বেড়ে গেলে এগুলো স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা সরকারের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত নিয়মকানুন হালনাগাদ করা হচ্ছে।

চলতি বছরের শেষ দিকে একটি নতুন জ্বালানি স্থিতিস্থাপকতা কৌশলও নেওয়ার কাজ চলছে। ইরানকে দীর্ঘদিন ধরেই বিশ্বে সক্ষম এক সাইবার শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের পর পশ্চিমাদের আশঙ্কা ছিল, তেহরান সরাসরি বা সংশ্লিষ্ট হ্যাকারদের মাধ্যমে সাইবার হামলা চালাতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের তৎপরতা তেমন দেখা যায়নি।