বিশেষ প্রতিনিধি
গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, চারটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ কিশোর গ্যাং লিডার জাহিদ হাসানকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ অগাস্ট) ভোররাতে জেলার জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ।
র্যাব কর্মকর্তা বলেন, কিশোর গ্যাং লিডার জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন। বিশেষ করে গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। নিজের দলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন লোককে অস্ত্র দেখিয়ে হুমকি দিতেন জাহিদ।
তিনি আরও বলেন, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর চারটার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল জাহিদ হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও গুলি তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন, কী উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না—তা উদ্ঘাটনে কাজ করছে র্যাবের অভিযানিক দল। এ ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।