গাজীপুর কণ্ঠ ডেস্ক
বরগুনার পাথরঘাটা উপকূলের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অগাস্ট) বেলা ১১টার দিকে গভীর সমুদ্র থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা।
মারা যাওয়া জেলেরা হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে বৈরী আবহাওয়ায় পড়ে ‘এফবি বরকত’ নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে থাকা ১৩ জন জেলের মধ্যে আটজনকে দুর্ঘটনার পরপরই জীবিত উদ্ধার করা হয়। বাকি পাঁচজন নিখোঁজ ছিলেন।
ট্রলারের বাবুর্চি ও উদ্ধার হওয়া জেলে ইউনুস মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় সাগরে প্রবল ঝড়-তুফান ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বড় একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় আটজন জেলে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজ জেলেদের সন্ধানে একটি ট্রলার পাঠানো হয়।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সোমবারই অনুসন্ধান শুরু হয়। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়ার পর তার ভেতর থেকেই জেলেদের মরদেহ পাওয়া যায়।
মরদেহবাহী ট্রলারটি উপকূলের উদ্দেশে রওনা হয়েছে এবং পাথরঘাটায় পৌঁছাতে আরও প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, নৌপুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় মরদেহগুলো সাগর থেকে পাথরঘাটায় আনার কাজ চলছে।