গাজীপুর কণ্ঠ ডেস্ক
রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবদুল মাবুদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তাঁর স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তৎকালীন আরএমপি কমিশনার আবদুল মাবুদ। সেখানে তিনি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। নির্মম এই চার খুনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।