কালীগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

কালীগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে আব্দুল হান্নান (৫১) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উলুখোলার বড়াইতলা এলাকার এপেক্স কনভেনাস ফুডস লিমিটেড কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারী মণ্ডলপাড়া এলাকার মৃত সলিম উদ্দিন আকন্দের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও সহকর্মীর সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন হান্নান। মঙ্গলবার ভোরে দায়িত্বরত অবস্থায় তিনি সহকর্মীকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে যান। কিছুক্ষণ পর ফিরে না আসায় সহকর্মী খোঁজ করতে গিয়ে দেখেন, একটি আমগাছের সঙ্গে বুটের ফিতা ও নাইলনের লেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে হান্নান। পরে আশপাশের লোকজন ও উলুখোলা পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। সকাল ৯টার দিকে হান্নানের স্বজনদের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।