বিশেষ প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনারকক্ষে এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাকৃবিতে স্নাতক (বিএস), স্নাতকোত্তর (এমএস) ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুধু বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বরং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচিতি ও ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফরাদ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম এবং আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন প্রমুখ। এতে সহযোগী পরিচালক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানের শুরুতে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন তুলে ধরা হয়। এরপর বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানের শেষে বিদেশি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।