টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজনের শরীরের ৮৫ শতাংশের বেশি দগ্ধ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজনের শরীরের ৮৫ শতাংশের বেশি দগ্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরী। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ছয়টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), নাসিমা (৫০) ও তানিষা (১৬)। লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তানিষার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। লালচান ও নাসিমা জরুরি বিভাগে আছেন। শিক্ষার্থী তানিষাকে রাখা হয়েছে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে।

ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন সুলতান মাহমুদ সিকদার সংবাদ মাধ্যমকে বলেন, তিনজনেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই সংকটজনক। চিকিৎসকেরা বাচানোর চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমে ছিল। সেই গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তবে ঘটনার কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।