ঢাকার যানজট নিরসনে কিচেন মার্কেট স্থানান্তরসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর

যাত্রাবাড়ী ফ্লাইওভারের যানজট নিরসনে সুপারিশসহ প্রতিবেদন দিতে বুয়েটকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

ঢাকার যানজট নিরসনে কিচেন মার্কেট স্থানান্তরসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ অগাস্ট) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যানজট নিরসন বিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

তিনি বলেন, “বৈঠকে যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থা কীভাবে আধুনিকায়ন করা যায়, কীভাবে রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা আনার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।

“বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেক্ট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু, টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে একটি অ্যাপ ডেভেলপসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।

“সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে যানজট নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করতে বলেছেন।”

যাত্রাবাড়ী ফ্লাইওভারের যানজট

বৈঠকে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসন কীভাবে করা যায় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে উপ প্রেস সচিব স্বাধীন বলেন, “বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পূর্বে প্রস্তুত করা বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে যানজট নিরসনে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

“বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।”

ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরাণীগঞ্জে

শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরাণীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করতে বলা হয়েছে।

“ফুলবাড়িয়া বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ হ্রাসের পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ যেহেতু দীর্ঘমেয়াদি প্রকল্প সেজন্য আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।”

গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব স্বাধীন বলেন, “যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।”

কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর

উপ প্রেস সচিব স্বাধীন বলেন, কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই কিচেন মার্কেট স্থানান্তরিত হলে কারওয়ান বাজারসহ আশপাশের এলাকা যানজট মুক্ত হবে।

সচিবালয়ের পার্কিং ব্যবস্থা

সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব স্বাধীন।

তিনি বলেন, “এই লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের জায়গা খুঁজে দেখতে বলা হয়েছে।

“সচিবালয় কেন্দ্রিক যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হবে।”

অটোরিকশা নীতিমালা প্রণয়ন

রাজধানীর সড়কে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব স্বাধীন।

‘অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা’

উপ প্রেস সচিব স্বাধীন জানান, রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।