গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গী পূর্ব থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
আটক নেতার নাম আবদুল মতিন। বয়স ৪৭। তিনি টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাতভর তাকে থানার হাজতখানায় রাখা হয়।
রবিবার দুপুরে আদালতে পাঠানোর জন্য যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন তার স্বজন ও সমর্থকদের কয়েকজন প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করেন। পরে তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন টঙ্গীর মরকুন এলাকার বাসিন্দা মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি থানার ভেতরে নয়, ঘটেছে থানার সামনে। আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় তার কিছু ‘উচ্ছৃঙ্খল’ আত্মীয়স্বজন স্লোগান দিতে থাকেন। থানার সামনে এ ধরনের স্লোগান আইনসিদ্ধ নয় বলেই তাদের আটক করা হয়, পরে দেখানো হয় গ্রেপ্তার।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। মামলায় নাম উল্লেখ করা হয়েছে সাতজনের, সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।