নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জের খলাপাড়া এলাকায় অবস্থিত সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। অভিযানে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে কর্তৃপক্ষ কারখানা পরিচালনার প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়। এ কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৫২ ধারা ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শীতলক্ষ্যা নদীর তীরবর্তী কালীগঞ্জের খলাপাড়া এলাকায় ২০০০ সালে গড়ে ওঠে সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ‘বি’ ক্যাটাগরির সিমেন্ট কারখানা হিসেবে নথিভুক্ত এ প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় সাদা সিমেন্ট উৎপাদন ও বাজারজাতকারী এই প্রতিষ্ঠান। থাইল্যান্ডের এসসিজি ইন্টারন্যাশনাল কর্পোরেশন কোম্পানি লিমিটেডের (এসসিজি) সঙ্গে চুক্তির আওতায় তাদের কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে থাকে। এর পাশাপাশি ‘হোয়াইট এলিফ্যান্ট’, ‘হোয়াইট টাইগার’, ‘মন্টানিয়া টাইল ফিক্স’ ও ‘মন্টানিয়া টাইল গ্রাউট’ ব্র্যান্ডের অধীনেও পণ্য বাজারজাত করে প্রতিষ্ঠানটি।