গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গীতে মাদক কেনাবেচার ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার বস্তি উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পে-লোডার ও এক্সকাভেটর ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয় বস্তির অবৈধ স্থাপনাগুলো। এ সময় সম্ভাব্য আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অবস্থান নেন গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা।
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের একটি প্লট অবৈধ দখলে ছিল। প্রশাসনের সহযোগিতা নিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, হাজির মাজার বস্তিতে বহু বছর ধরে মাদকদ্রব্যের কেনাবেচা চলছিল। এর আগে একাধিকবার সেখানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে তাতে মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান তাঁরা।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে টঙ্গীকে মুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
উচ্ছেদ করা জায়গা যাতে ভবিষ্যতে ফের বেদখল কিংবা মাদক স্পটে পরিণত না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে রাজউক।