গাজীপুর কণ্ঠ ডেস্ক
আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত করেছে সরকার। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনের কারণে চলতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তারিখ নির্ধারণের আগে তাবলিগ জামাতের দুই পক্ষ—মাওলানা সাদপন্থী ও মাওলানা জোবায়েরপন্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অতীতে ইজতেমাকে ঘিরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটার প্রেক্ষাপটে এবার যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নত হচ্ছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায়ের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন ও অস্ত্রসংক্রান্ত অপরাধ কমেছে। তাঁর ভাষায়, সব সূচক অনুযায়ী পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে শতভাগ প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে। সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনার উদাহরণ দেন। তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও কয়েকজনকে গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল জব্দ করে। এমন তৎপরতার ফলে দেশজুড়ে ছিনতাই কমছে এবং সামনে আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।