গাজীপুর কণ্ঠ ডেস্ক
সাম্প্রতিক সময়ে কুয়েত নতুনভাবে মিসাইল ও ড্রোন আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ওই সতর্ক বার্তায় নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মিসাইল বা ড্রোন হামলা সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনও ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।’
এতে আর বলা হয়, ‘জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ +965 69920013, +965 66516404, +965 50895161 এবং ইমেইল mission.kuwait@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’