‘বার্সেলোনাই এখন বিশ্বের সেরা দল’

‘বার্সেলোনাই এখন বিশ্বের সেরা দল’

গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক

বড় হারের পরও কোনো অজুহাত খোঁজেননি ফেইনুর্দ কোচ জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট। বরং বার্সেলোনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসাই করলেন তিনি। এই ডাচ কোচের সোজাসাপ্টা স্বীকারোক্তি, এই মুহূর্তে বার্সেলোনাই বিশ্বের সেরা দল। পাশাপাশি লামিনে ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ ফন ব্রঙ্কহর্স্ট তাকে লিওনেল মেসি ও রোনালদিনহোর সঙ্গেও তুলনা করেছেন।

স্পটিফাই ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেইনুর্দকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এমন বড় হারের পর সাধারণত নানা ব্যাখ্যা বা অজুহাত সামনে আসে। কিন্তু ফন ব্রঙ্কহর্স্ট সে পথে হাঁটেননি। বরং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের সামর্থ্যের প্রতি নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন, ‘তারা যেভাবে খেলছে, তাতে এই মুহূর্তে বার্সেলোনাই বিশ্বের সেরা দল।’

ফেইনুর্দ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে নামেনি বলেও পরিষ্কার করেছেন কোচ। বার্সেলোনার আক্রমণ ঠেকাতে ‘বাস পার্ক’ করে রাখার কোনো পরিকল্পনা ছিল না তাদের। তবে ম্যাচের শুরুতেই বার্সার গোল তাদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি, ‘আমরা রক্ষণে বসে থাকার জন্য বা বাস পার্ক করে রাখার জন্য আসিনি। আমাদের সুযোগ ছিল। আমরা গোল করার চেষ্টা করেছি। কিন্তু শুরুতেই পাওয়া গোলটি ম্যাচের গতিপথকে প্রভাবিত করেছে।’

এই হার থেকে ফেইনুর্দের শেখারও অনেক কিছু আছে বলে মনে করেন ফন ব্রঙ্কহর্স্ট। বিশেষ করে ভুলের জন্য বার্সেলোনার মতো দলের বিপক্ষে যে চড়া মূল্য দিতে হয়, সেটিও বুঝেছেন তিনি, ‘উন্নতি করার মতো অনেক কিছু আছে। ভুলের জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। প্রতিপক্ষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, যদিও আমরা দুই দল খুবই ভিন্ন। দুই দলের মানের মধ্যে পার্থক্য আছে।’

বার্সেলোনার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ ফন ব্রঙ্কহর্স্ট যে হান্সি ফ্লিকের দলকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন। তার ভাষায়, ‘বার্সেলোনা এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে।’

বার্সার বিপক্ষে ম্যাচটি ফন ব্রঙ্কহর্স্টের জন্য ব্যক্তিগতভাবেও ছিল বিশেষ। খেলোয়াড়ি জীবনে যে ক্লাবের হয়ে মাঠে নেমেছেন, সেই ক্যাম্প ন্যুতেই এবার ফিরেছিলেন প্রতিপক্ষের কোচ হিসেবে। পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা হলেও ম্যাচের সময় সেদিকে মন দেওয়ার সুযোগ ছিল না তার, ‘আমি ম্যাচেই মনোযোগী ছিলাম। কয়েকজনকে চিনতাম, তাদের সঙ্গে দেখা হয়েছে, শুভেচ্ছা বিনিময় করেছি। এই ক্লাবের সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে।’

তবে ম্যাচ শেষে ফন ব্রঙ্কহর্স্টের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামালের অর্জন ও পারফরম্যান্সে মুগ্ধ ডাচ কোচ। এমনকি স্প্যানিশ ফরোয়ার্ডকে মেসি ও রোনালদিনহোর সঙ্গেও তুলনা করেছেন তিনি, ‘এই বয়সেই সে সবকিছু জিতে ফেলেছে। সমর্থকেরা তাকে ভালোবাসে। সে ব্যালন ডি’অর জিততে পারে। আমি তাকে মেসি ও রোনালদিনহোর মতো দেখি।’

ইয়ামালের সম্ভাবনারও কোনো সীমা টানতে রাজি নন ফন ব্রঙ্কহর্স্ট। ব্যালন ডি’অর জিততে পারবেন কি না, এমন প্রশ্নে তার উত্তরও ছিল বেশ আত্মবিশ্বাসী, ‘সে এটা জিততে পারে। প্রশ্ন হলো, কখন জিতবে।’

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও ফেইনুর্দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছিলেন। ফন ব্রঙ্কহর্স্টও সেটি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন, ‘ফ্লিক খুব ভালোভাবে বলেছেন যে তিনি আমাদের পছন্দ করেছেন, আমরা অনেক চাপ দিয়েছি এবং শুধু রক্ষণ করিনি। তার কাছ থেকে এমন কথা শোনা খুবই ভালো লেগেছে।’