গাজীপুরে নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুরে নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চুরিসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য দেন গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি আব্দুল আলিম, আনন্দ টিভির প্রতিনিধি মো. খোরশেদ আলম ও সাংবাদিক ইমারত হোসেনসহ অন্যরা।

পুলিশ সুপার বলেন, শিল্পসমৃদ্ধ ও জনবহুল জেলা গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তবে অপরাধ নিয়ন্ত্রণে এককভাবে পুলিশের পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি। এ জন্য গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মনে করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম।