গাজীপুর কণ্ঠ ডেস্ক
কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চারজন আইনজীবী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাটশালা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার সকালে নয়জন আইনজীবীর একটি দল গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বেড়াতে যান। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে ফেরার পথে তাঁদের বহনকারী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত মিজানুর রহমানের বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ সালনা এলাকায়।
আহত অন্যরা হলেন গাজীপুর জেলা জজ আদালতের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল, আইনজীবী ইকবাল হোসেন ও মহসিন রেজা সরকারসহ আরও একজন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতি আরও খারাপ হলে তাঁদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।