শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ চারজনের তিনজনের লাশ উদ্ধার

সাঁতার না জানায় তিনজন স্রোতে তলিয়ে যান। তাদের বাঁচাতে গিয়ে সৌরভও তীব্র স্রোতে ডুবে যান।

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ চারজনের তিনজনের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতেরা হলেন কালীগঞ্জ থানার বিল্লাল হোসেনের ছেলে সৌদিপ্রবাসী মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামার আগে সেলফিতে নারী–শিশুসহ ছয়জন। তাদের মধ্যে পাঁচজন তলিয়ে গিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে আসেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানায় তিনজন স্রোতে তলিয়ে যান। তাঁদের বাঁচাতে গিয়ে সৌরভও তীব্র স্রোতে ডুবে যান।

খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান, তবে সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি। রাত নেমে আসায় অভিযান শনিবার সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান শুরু করার পর প্রথমে দুজনের এবং পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।