মক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর

হুতি কর্মকর্তারা মক্কায় হামলার চেষ্টার কথা অস্বীকার করেছেন।

মক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ছোড়া একটি ড্রোন ‘পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই’ ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল-মালকি জানিযেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি বাধা দিয়ে ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭-র জুলাইতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল।

বিবৃতিতে মালকি বলেছেন, “ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি ‘রেড লাইন’।”

হুতি কর্মকর্তারা মক্কায় হামলার চেষ্টার কথা অস্বীকার করেছেন; জানিয়েছে রয়টার্স।

ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা চলছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সৌদি আরবে হওয়া বেশ কয়েকটি হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

গত কয়েকদিনে হুতিরা ইয়েমেনের লোহিত সাগরের উপকূলের অধিকাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এতে বিশ্বের জাহাজ চলাচলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রলালি বাব আল-মান্দেবে ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে হরমুজ প্রণালি থেকে সরে বাব আল-মান্দেব হয়ে সৌদি আরবের তেল রপ্তানি হুমকির মুখে পড়েছে।

সৌদি আরব মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। কিন্তু হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ জানিয়েছেন, তারা মক্কা নগরীতে হামলার চেষ্টা করেনি আর এই অভিযোগকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে অভিহিত করেছে।

গত সপ্তাহজুড়ে সৌদি আরবে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালানোর কথা ঘোষণা করেছে হুতিরা। এর মধ্যে সোমবার সৌদির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর খামিস মুশাইতে বাদশা খালিদ বিমান ঘাঁটিতে হামলা অন্যতম। ইয়েমেনে হুতিদের অবস্থানগুলোতে সৌদি আরবের বিমান হামলার জবাবে খালিদ বিমান ঘাঁটিকে লক্ষ্যস্থল করা হয়েছে বলে হুতিরা জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, খালিদ বিমান ঘাঁটিতে হামলায় ১৩ বেসামরিক আহত হয়েছেন।