গাজীপুর কণ্ঠ ডেস্ক
ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানি তেলেরই দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রবিবার রাতে প্রজ্ঞাপন জারি করে নতুন দাম ঘোষণা করে।
নতুন দরে ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায় (আগে ছিল ১১৫), কেরোসিন ১৫৫ টাকায় (১৩৫), অকটেন ১৬৫ টাকায় (১৪৫) ও পেট্রল ১৬০ টাকায় (১৪০)।
জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও জাহাজভাড়া বেড়েছে, যা এখনো চলছে।
বিভাগের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণেরও বেশি বাড়লেও জনস্বার্থে সরকার দেশে দাম বাড়ায়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়েছে।
সরকার সর্বশেষ জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল ১৮ এপ্রিল। তখন ডিজেলের দাম ১৫ টাকা এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়। এরপর আর দাম বদলায়নি।
জ্বালানি বিভাগ আরও দাবি করেছে, প্রতিবেশী দেশগুলোয় জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
২০২৪ সাল থেকে বাংলাদেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক এবং বিনিময় হারসহ বিভিন্ন খরচ বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়।