গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল তিনজনের

এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল তিনজনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করেছে পুলিশ। 

আটক ব্যক্তির নাম মোহাম্মদ শহীদ আলী সরমান (৩২)। তিনি বরিশালের বিমানবন্দর থানার মধ্যম পাংশা এলাকার মৃত শাহাদ আলী সরমানের ছেলে। ঘটনায় ব্যবহৃত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।