সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

বর্তমানে মরদেহ রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের হিমাগারে রাখা আছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। 

গত ১৮ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আহসান উল্লাহ খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৪৪) এবং ধনপুর ফকিরপাড়া এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে ফরহাদ ফকির (৩৫)।

নিহতের স্বজনরা জানান, আলমগীর ও ফরহাদ রিয়াদের পুরোনো বাণিজ্যিক এলাকা আল-বাথায় থাকতেন। প্রবাসী বাংলাদেশীদের কাছে এলাকাটি ‘ছোট বাংলাদেশ’ নামে পরিচিত। সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশী বসবাস করেন।

স্বজনদের দেওয়া তথ্য মতে, আলমগীর ২০২২ সালের জুনে এবং ফরহাদ ২০২৪ সালের মার্চে রিয়াদে যান। প্রথমে তাঁরা ক্লিনার হিসেবে কাজ করতেন। পরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন। ১৯ সেপ্টেম্বর (শনিবার) ভোরে স্বজনেরা তাঁদের মৃত্যুর খবর পান। 

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করেন। বর্তমানে মরদেহ রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের হিমাগারে রাখা আছে।

মরদেহ দেশে আনতে ২০ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নরসিংদী জেলা কার্যালয়ের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে দ্রুত মরদেহ দেশে ফিরবে বলে স্বজনরা আশা করছেন।

নিহত আলমগীর খন্দকারের চাচাতো ভাই শফিকুল ইসলাম খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন।