গাজীপুর কণ্ঠ ডেস্ক
‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; এই নির্দেশনা তিনি দিয়েছে পুলিশ বাহিনীকে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ পদক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
বিগত সরকারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশকে অস্থির করলে কঠোর হস্ত দমন করবেন আপনারা। স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।”
এ সময় পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
“আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে একটাই মেসেজ দিতে চাইছি, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা বজায় রাখার জন্য জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।”
তিনি বলেন, “যারা পতিত ফ্যাসিস্ট শক্তি তারা অন্যান্য বাহিনীর মত পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।”
তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিস্ট শক্তিকে কেউ কেউ গোপন সংবাদ দিয়ে অন্যভাবে সহযোগিতা করার সংবাদ ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে।
“খুব নম্রভাবে সংশোধন করার সুযোগ দিচ্ছি। কোন পুলিশ অফিসার যে পদেই থাকুন না কেন, যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তাহলে তার পরিণতি ভালো হবে না। জনগণ এখন আমাদেরকে রাজা বাদশা হিসেবে দেখতে চায় না, তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়।”
সালাউদ্দিন আহমদ উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “কোন পুলিশ সদস্য শৃঙ্খলাভঙ্গ, অপেশাদারিত্ব কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।”
পুলিশে নতুন নিয়োগ দেওয়ার আভাস দিয়ে সতর্ক করে আরও বলেন, “প্রয়োজনে ব্যাপকহারে শর্ট কোর্সের মাধ্যমে অফিসার এবং বিভিন্ন পদে নিয়োগ দেব। মেসেজটা বুঝে নেন।”
পুলিশের সার্বিক সক্ষমতা বাড়ানো ও আইনি সংস্কার বিষয়ে মন্ত্রীর ভাষ্য, “জনআকাঙ্ক্ষা অনুধাবন করে এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে র্যাবসহ (বর্তমানে এসআরবি) বিভিন্ন সংস্থার সংস্কার ও আইনি কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে আরও আধুনিকায়ন করতে নতুন আইন প্রণয়নের পাশাপাশি তাদেরকে ক্ষেত্রমতে প্রয়োজনীয় তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।”
জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা, জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তি-নির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে জনআস্থা অর্জন করতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।