সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

কর্মস্থলে যোগদানের সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো কাগজপত্র সম্পূর্ণরূপে না বুঝে বা সাদা কাগজে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ প্রদানে বিরত ও সতর্ক থাকুন।

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আইনি জটিলতা এড়াতে এবং নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত করতে একটি জরুরি বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রতাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, অধিকার সুরক্ষা, নিরাপদ প্রবাস জীবন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে সর্বদা প্রবাসীদের পাশে রয়েছে। সে লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে’।

সৌদি আরবে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বিশেষ করে স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলা বিরোধী কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান ও একই সঙ্গে এ ধরনের কোনো পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। 

এতে আরও বলা হয়, কর্মস্থলে যোগদানের সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো কাগজপত্র সম্পূর্ণরূপে না বুঝে বা সাদা কাগজে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ প্রদানে বিরত ও সতর্ক থাকুন। 

এছাড়াও আইনি জটিলতা থেকে বাঁচতে নিজের ইকামা ব্যবহার করে কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ ক্রয়-বিক্রয় কিংবা নিবন্ধন করা থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন অনুযায়ী দন্ডনীয় বা সন্দেহজনক কোনো কর্মকান্ড (যেমন: এক অঞ্চল/প্রতিষ্ঠানের ইকামা দিয়ে অন্য অঞ্চল/প্রতিষ্ঠানের কর্মে নিয়োজিত থাকা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রয়, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা, অবৈধভাবে পানি বিক্রি ইত্যাদি) পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ উদ্দেশ্য ও পরিচয় নিশ্চিত না হয়ে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন এবং চাকরির প্রলোভন ও প্রতারণা থেকে সতর্ক থাকুন। 

কনস্যুলেট বলেছে, আপনাদের সচেতনতা, স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সকলের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিতসহ সৌদি আরবে আমাদের দেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সকল প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা একান্তভাবে কাম্য।