গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনে সড়ক, নালা ও নাগরিক অবকাঠামো উন্নয়নের জন্য চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৮৪ কোটি টাকা।
বুধবার (০৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পগুলো পাস হয়।
বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে রাস্তা ও নালার কাজ হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সেখানে পয়োনিষ্কাশন ব্যবস্থাও যুক্ত করার পরিকল্পনা আছে।
গাজীপুরে সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে নতুন সড়ক বানানো ও পুরোনো সড়কের উন্নয়ন হবে। সঙ্গে থাকবে নর্দমা ও ফুটপাত নির্মাণ।
রংপুরে একটি প্রকল্পে নগর অবকাঠামোর কাজ হবে, আরেকটিতে মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত সড়ক।
সামনে নির্বাচন থাকায় এসব প্রকল্প নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন। তিনি বলেন, প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। সিটি করপোরেশনের উন্নয়নে ভবিষ্যতে আরও প্রকল্প আসবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য, বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণের প্রকল্পে পয়োনিষ্কাশনের বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, সড়ক বা অন্য কোনো অবকাঠামো তৈরির তিন বছরের মধ্যে ত্রুটি দেখা দিলে নিজ খরচে তা সারাতে হবে ঠিকাদারকে। এ শর্ত প্রকল্পে যোগ করতে বলা হয়েছে।
এদিনের বৈঠকে সব মিলিয়ে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১০ হাজার ৬০০ কোটি টাকা। ঋণ থেকে আসবে ৪ হাজার ৮৫ কোটি এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২০ কোটি টাকা।
এসব প্রকল্পের একটি রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র। এর বিদ্যুতের দাম নিয়ে প্রতিমন্ত্রী জানান, শুরুতে প্রতি ইউনিটের খরচ ধরা হয়েছিল ছয় টাকা। চার ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ যোগ করায় তা বেড়ে হয় নয় টাকা। এখন প্রধানমন্ত্রী ব্যাকআপ আট ঘণ্টায় বাড়াতে বলেছেন, তাই খরচ আরও কিছুটা বাড়তে পারে।
সিটি করপোরেশনের চার প্রকল্পের বাইরে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো:
– সমবায়ের মাধ্যমে নারীর দক্ষতা বাড়ানো ও উদ্যোক্তা তৈরি
– সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
– গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন)
– বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান কেনা এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ
– রেলের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনা
– প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন
– পঞ্চগড় সড়কের ১৫ কিলোমিটার পয়েন্টে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ
– থানচি-রেমাক্রি-মদক-লিকরি সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)
এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প আগেই অনুমোদন করেছেন পরিকল্পনামন্ত্রী। বিষয়টি একনেক বৈঠকে জানানো হয়েছে।