ইউনূসকে হয়রানিতে তীব্র নিন্দা ঢাকার, ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

দুষ্কৃতকারীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

ইউনূসকে হয়রানিতে তীব্র নিন্দা ঢাকার, ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপন করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, দুষ্কৃতকারীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের মাটিতে তাকে হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনার পেছনে যারা দায়ী, তারা বিশ্ব দরবারে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’

ইউনূসের ওপর এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেররিস্টরাই করতে পারে।’ সাবেক প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা সরকার ‘হালকাভাবে নেয়নি’ এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।