গাজীপুরে মজুরি নিয়ে অসন্তোষে মহাসড়কে নামার চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

কিছুক্ষণ ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গেছে।

গাজীপুরে মজুরি নিয়ে অসন্তোষে মহাসড়কে নামার চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষ থেকে বাংলাদেশের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রমিকেরা মিছিল করে ওই এলাকায় পৌঁছে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন। তখনই পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর ফলে কিছুক্ষণ ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গেছে।

পরিস্থিতির কারণে বৃহস্পতিবার কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ বেশ কিছু এলাকার কারখানা তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

শ্রমিকদের আন্দোলনের কারণে যেকোনো সময় পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক ও উৎপাদন চালু রাখতে পুলিশ কাজ করছে।