গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সাম্প্রতিক জেন জি আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। এবার তিনি দাবি করেছেন জেন জি আন্দোলন মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহাকে বলতে শোনা গিয়েছে, ”আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি আমরা। আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা এবং আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষাগ্রহণ করেছি।”
সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় নেহা বাংলাদেশের এই ছাত্রসংগঠনের প্রতি সংহতি প্রকাশ করেন। বৈপ্লবিক শুভেচ্ছা ও লাল সালাম জানিয়ে নেহা বলেছেন, আমরা জানি যে, ভারতে সর্বত্র আমরা এখন যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আর আমাদের সেই পথ দেখানোর জন্য আপনাদের জানাই অভিনন্দন।
নেহা উল্লেখ করেছেন যে, ভারতের তরুণরাও গণতান্ত্রিক ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে। তিনি এই দুই প্রতিবেশী দেশের শিক্ষার্থীদের সংগ্রামের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী এবং কর্মীরা একটি উন্নত দক্ষিণ এশিয়া ও একটি সুন্দর বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। ২০২৬ সালের ২ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে দিল্লি পুলিশ নেহা বোরাকে একাধিকবার আটক ও পরবর্তীতে মুক্তি দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান আন্দোলনের সময় তাকে আটক করা হয়েছিল।
বোরাকে প্রথমে ২ অক্টোবর যন্তর মন্তরের কাছে এবং পরে ৪ অক্টোবর একটি মিছিল চলাকালে আটক করা হয়েছিল। সর্বশেষ ১০ অক্টোবর সফদরজং বিমানবন্দরের ফ্লাইওভারের কাছে তাকে আটকে ময়দান গড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ১১ অক্টোবর নারেলা শিল্পাঞ্চল থানায় তাকে আবারও কিছু সময়ের জন্য আটক রাখা হয়েছিল এবং প্রতিবারই তাকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিল।