কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

আহত ও অসুস্থ ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কলকাতায় একটি দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শহরের উত্তরাঞ্চলে চোরবাগান সার্বজনীন পূজা মণ্ডপে শনিবার (১৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু। আহত ও অসুস্থ ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়, গিরিশ পার্ক থানা এলাকার ওই মণ্ডপের বের হওয়ার পথে রাত ৮টা ৪০ মিনিটের দিকে হুড়োহুড়ি লেগে যায়। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং মণ্ডপের ভেতরে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য মণ্ডপটি এখন বন্ধ রাখা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনার সময় অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ওই ব্যক্তির ভাষ্য, মণ্ডপে ঢোকা ও বের হওয়ার দুটি পথই খুব সরু ছিল। এলাকায় আলোর ব্যবস্থাও ছিল না। তাঁর মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনায় শোক প্রকাশ করেছেন।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, ঘটনার খবরে তিনি গভীরভাবে ব্যথিত। আহতদের দ্রুত সুস্থতা এবং স্বজনহারা পরিবারগুলোর শোক সইবার শক্তির জন্য তিনি দুর্গার কাছে প্রার্থনা করেছেন।