টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু

টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তি ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুজন হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা তপন চন্দ্র দাস (৫০) এবং তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের গাজীপুরা অংশে বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁর আশেপাশে ভোর ৪টা ১০ থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই রাতে তিনি বিশেষ দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীদের নিয়ে তিনি দ্রুত সেখানে যান।

এসআই মোন্নাফ আহমেদ জানান, আহত দুজনকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁরও মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে গিয়ে দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহ পুলিশের হেফাজতে নেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত হয়নি। ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।