গাজীপুর কণ্ঠ ডেস্ক
কাশিমপুরে একটি পোশাক কারখানার গুদামে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস বলছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে মোট নয়টি ইউনিট কাজ করেছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টের কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। তাদের ভাষ্য, গুদামে দাহ্য পদার্থ ও কাঁচামাল মজুত থাকায় আগুন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, আগুনের খবর পেয়ে কাশিমপুরের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। তিনি জানান, আগুন তীব্র হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।