গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পুলিশ কনস্টেবল ও আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া কনস্টেবলের নাম সারোয়ার মোর্শেদ, বয়স ৩৮ বছর। তিনি গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। বাকি দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় লোকজন এই তিনজনকে আটক করেন। পরে খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা মো. লাবীব মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর আলম ওই বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন। তারপর থেকেই বাড়িটিতে মাদকসেবীদের যাতায়াত বেড়ে যায়। বিষয়টি টের পেয়ে শুক্রবার রাতে এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, আটক তিনজনকে থানায় আনার পর যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে সারোয়ার মোর্শেদ পুলিশের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে ওই কনস্টেবলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে।