রাজউকের ১০৭৪ প্লটের কার্যক্রম স্থগিত, তদন্তের মুখে ১৪১৩টি

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়।

রাজউকের ১০৭৪ প্লটের কার্যক্রম স্থগিত, তদন্তের মুখে ১৪১৩টি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

রাজধানীর অভিজাত আবাসিক এলাকাগুলোতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া ১ হাজার ৪১৩টি প্লটের নথি যাচাই ও তদন্ত জোরদার করা হয়েছে। 

এরই মধ্যে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে এসব বরাদ্দের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বৈঠকে সভাপতিত্ব করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ ৯৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয় পূর্বাচল প্রকল্পে।

রাজউকের এসব প্লট বরাদ্দে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড হয়েছে কি না, তা যাচাই করতে হাইকোর্ট বিভাগের রুলের পরিপ্রেক্ষিতে গঠিত একটি কমিটি নথিপত্র পরীক্ষা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পূর্বাচলের ৮৭৪টি ও ঝিলমিলের ২০০টি প্লটের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

বৈঠকে জানানো হয়, রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ এবং এতে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। এরপর পর্যালোচনা করে এসব প্লটের বিষয়ে চূড়ান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।