নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন পরিদর্শক সাজ্জাদ করিম খান।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি বিদায়ী ওসি মো. জাকির হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জানা গেছে, সম্প্রতি গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে সাজ্জাদ করিম খানকে কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়। একই আদেশে ওসি মো. জাকির হোসেনকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত (লাইন ওয়ার) করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জে আসার আগে সাজ্জাদ করিম খান নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) খ-জোনের ইনচার্জ ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের সিটি এসবিতে ও কুমিল্লার মুরাদনগর সার্কেল অফিসের পরিদর্শক এবং কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও মুন্সিগঞ্জের মুক্তারপুর ও হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কিশোরগঞ্জ নৌ-পুলিশে এবং নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা ও সাভার হাইওয়ে থানার ওসির দায়িত্বও পালন করেছেন তিনি।
পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং নরসিংদীর শিবপুর সার্কেলে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরো জানা গেছে, সাজ্জাদ করিম খান ২০০৬ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। শুরুতে ময়মনসিংহ জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। পরে উপপরিদর্শক হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি), ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করেছেন।
তার নিজ জেলা টাঙ্গাইল।