লংমার্চ শেষে জামায়াতকর্মীদের বহনকারী বাস খাদে, পথচারী নিহত, আহত অন্তত ২৫

বাসটিতে থাকা ব্যক্তিরা খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সাতক্ষীরায় ফিরছিলেন।

লংমার্চ শেষে জামায়াতকর্মীদের বহনকারী বাস খাদে, পথচারী নিহত, আহত অন্তত ২৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। বাসের চাপায় এক পথচারীরও মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাসটিতে থাকা ব্যক্তিরা খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সাতক্ষীরায় ফিরছিলেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক মোড়ল। তার বয়স ৬৫ বছর। বাড়ি পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামে। তার বাবার নাম আফতাব মোড়ল।

নিহত ব্যক্তির প্রতিবেশী রিপন মোল্লা সংবাদ মাধ্যমকে বলেছেন, আব্দুল খালেক চারাবটতলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় বাসটি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। রিপন মোল্লার ভাষ্য, আব্দুল খালেক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলছেন, ওই বৃদ্ধ হঠাৎ করে বাসের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। তাঁর হিসাবে আহতের সংখ্যা ২০ থেকে ৩০ জন। তিনিও জানিয়েছেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁরা শুনেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন নিশ্চিত করেছেন, জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাসটি খাদে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে চালকের অবস্থা কিছুটা গুরুতর। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।