কালীগঞ্জে তল্লাশির সময় ইয়াবা গিলে ফেললেন পোশাকশ্রমিক!

পোশাক কারখানার চাকরির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ, মামলার প্রস্তুতি

কালীগঞ্জে তল্লাশির সময় ইয়াবা গিলে ফেললেন পোশাকশ্রমিক!

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে পুলিশের তল্লাশির সময ইয়াবা গিলে ফেলেছে আমিনুল ইসলাম (৩০) নামের এক পোশাকশ্রমিক। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, পোশাক কারখানায় চাকরির পাশাপাশি তিনি ইয়াবা কেনাবেচা করতেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার বোয়ালি সড়কে এ ঘটনা ঘটে। 

আমিনুল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী পুরোনো রেজিস্ট্রি অফিস (দক্ষিণপাড়া) এলাকার আলাল মিয়ার ছেলে। তিনি হামীম গ্রুপের শ্রমিক ও ইয়াবা কারবারে জড়িত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার একটি দল বোয়ালি সড়কে অভিযান চালায়। আমিনুলকে আটক করে তল্লাশি শুরু করলে তিনি সঙ্গে থাকা ইয়াবা মুখে পুরে নেন। পুলিশ সেগুলো বের করার চেষ্টা করলে তিনি গিলে ফেলেন। তল্লাশিতে তার কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমিনুল কারখানায় সহকর্মী ও এলাকার মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতেন, নিজেও সেবন করতেন। তাদের মতে, আমিনুলের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করলে এই মাদক চক্রের অন্যদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ করিম খান বলেন, আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।