গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার আগারগাঁওয়ে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সচিবালয় নির্মাণের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরে সালনায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। তবে স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদেরা।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন সচিবালয় হবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে। নির্মাণকাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ২০০ কোটি টাকা। কিন্তু গণপূর্তমন্ত্রী এটি ৪ হাজার কোটির মধ্যে রাখতে বলায় এখন সংশোধিত প্রস্তাব তৈরি হচ্ছে। ব্যয়ের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি।
বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও আলোচনায় এসেছে।
নকশা অনুযায়ী প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে ১২ তলার ১৪টি ভবন হবে। মোট অফিস স্পেস হবে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট। ভবনগুলোর নিচে থাকবে তিন স্তরের বেজমেন্ট, যেখানে ৩ হাজার ৮০০ গাড়ি রাখা যাবে। কমপ্লেক্সে মসজিদ, ক্যাফেটেরিয়া, ডাকঘর এবং ৩৫০ জন ধারণক্ষমতার দুটি বহুমুখী হল থাকবে। জমির প্রায় ৩০ শতাংশ সবুজায়ন ও জলাধারের জন্য রাখা হয়েছে।
গত ৭ অক্টোবর তিনটি নকশা প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে উপস্থাপন করা হয়। তিনি একটি নকশা বেছে নিয়ে কিছু পর্যবেক্ষণ দেন। পরে মন্ত্রিসভা হেলথ ক্লাব, ডে-কেয়ার সেন্টার, জরুরি চিকিৎসাসেবা ও অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেয়। আগারগাঁওয়ে যানজট এড়াতে সংযোগসড়ক প্রশস্ত করা এবং আন্ডারপাস নির্মাণের কথাও বলা হয়েছে। পাশের চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের সঙ্গে সংযোগ এবং সচিবালয়ের গুরুত্বপূর্ণ কক্ষ থেকে সংসদ ভবন দেখা যাওয়ার বিষয়টিও নকশায় রাখতে বলা হয়েছে।
শেরেবাংলা নগরের এই জমিতে বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে। স্থাপত্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক এলাকার ভূমি-ব্যবহার পরিকল্পনার দিক থেকে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের জন্য এ জমি যথেষ্ট নয়।
অধিদপ্তরের মতে, গাজীপুরের সালনায় বরাদ্দ জমিতে বিশ্ববিদ্যালয় গেলে তা অধিক উপযোগী হবে। আর শেরেবাংলা নগরের জমিতে লুই আই কানের মূল নকশা অনুযায়ী প্রশাসনিক ও নাগরিক কেন্দ্র গড়া যুক্তিসংগত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ না করলে এলাকার নিরাপত্তা ও পরিকল্পিত নগরায়ণ ব্যাহত হতে পারে। অধিদপ্তর অভিযোগ করেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুমতি ছাড়া ওই জমির একটি অংশে সাইনবোর্ড ও দড়ি দিয়ে ধান গবেষণার মাঠ বানিয়েছেন।
সালনায় সরকার ইতিমধ্যে জমি বরাদ্দ দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো স্থানান্তরের উদ্যোগ নেয়নি।
আব্দুল গণি রোডের বর্তমান সচিবালয় ১৭ দশমিক ৫৭ একর জমিতে। সেখানে ১৩টি ভবনের মধ্যে আটটি স্বাধীনতার আগের। এর মধ্যে ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন তৈরি হয়েছে ১৯৩০-এর দশকের শেষ দিকে, ৫ নম্বর ভবন ১৯৪৭ সালে। এগুলো ভূমিকম্প সহনীয় নয়। বর্তমান অফিস স্পেস প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট, অথচ বিভিন্ন মন্ত্রণালয়ের আরও প্রায় ১০ লাখ বর্গফুট জায়গার চাহিদা আছে।
সচিবালয় সরে গেলে সদরঘাট থেকে জজ কোর্ট এবং কয়েকটি কর অঞ্চল ও অধিদপ্তর এসব ভবনে আসবে।
এ বছরের ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় পূর্ত মন্ত্রণালয় বর্তমান সচিবালয়ের ১ নম্বর ভবন ভেঙে ৬৪৯ কোটি টাকায় ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব তোলে। সভায় আগারগাঁওয়ে স্থানান্তরের পুরোনো পরিকল্পনার প্রসঙ্গ ওঠে। শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল হয়। একনেক নির্দেশ দেয়, শেরেবাংলা নগরে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জমি, ভবনসংখ্যা, সময়, ব্যয় ও বাড়তি যানবাহনের চাপ হিসাব করে সিমুলেশনসহ পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে হবে।
শেরেবাংলা নগরে সংসদ ভবনের নির্মাণ শুরুর সময়, ১৯৬৫ সালে আইয়ুব খানের আমলে, বাণিজ্য মেলার এই মাঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের সচিবালয় করার পরিকল্পনা হয়েছিল। সংসদ ভবনের কাজ ১৯৮২ সালে শেষ হলেও সচিবালয় সরানো হয়নি।
আওয়ামী লীগ সরকারের সময় বাণিজ্য মেলা পূর্বাচলে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সচিবালয় স্থানান্তরে দৃশ্যমান অগ্রগতি হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে ওই মাঠের ২৯ দশমিক ৭৯ একরে ৮২ কোটি টাকায় উন্মুক্ত পার্ক করার প্রকল্প নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই পার্কের পরিকল্পনা বাতিল হয়ে গেছে।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মোহাম্মদ খান সংবাদ মাধ্যমকে বলেছেন, মেট্রোরেলের কারণে বর্তমান সচিবালয়ে যাতায়াত সহজ। অন্যদিকে আগারগাঁও আগে থেকেই ঘনবসতিপূর্ণ ও যানজটে ভারাক্রান্ত। তাঁর মতে, ঢাকার মতো শহরে এমন উন্মুক্ত জায়গায় বিশাল কংক্রিটের কাঠামো হলে পরিবেশ ও পরিকল্পনাগত ক্ষতি হবে। বিকেন্দ্রীকরণই লক্ষ্য হলে তিনি পূর্বাচলকে “অনেক বেশি বাস্তবসম্মত” পছন্দ বলে মনে করেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, নতুন ভবন বানানোর আগে বিদ্যমান সরকারি ভবনগুলো পুরো সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। তাঁর মতে, বেশ কিছু মন্ত্রণালয় ও অধিদপ্তর আগে থেকেই সচিবালয়ের বাইরে চলছে, ফলে বিদ্যমান ভবনেই দপ্তরগুলো সমন্বয়ের সুযোগ আছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড