গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, তাদের কাছ থেকে যুদ্ধের ব্যয় আদায় করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় এবার প্রথমবারের মতো ইসরায়েলের নামও যুক্ত করেছেন তিনি।
সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এসব দেশ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সব খরচ মিটিয়ে দেবে। রোববার ওই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।
তার যুক্তি, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে এসব দেশের টিকে থাকাই কঠিন হতো। ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস না করলে দেশটির অস্তিত্বই থাকত না।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খেয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, ইরান যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষ এর একটি কারণ।
এরপর তিনি যুদ্ধকে সামরিক দিক থেকে ‘কার্যত শেষ’ বলে ঘোষণা করেছেন। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে এখনো ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলেই দাবি করছেন তিনি।
জুলাইয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালি অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির জন্য উপসাগরীয় দেশগুলোকে খরচ দিতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম তিনি তখন উল্লেখ করেন। ওই প্রণালিতে মার্কিন বাহিনী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দিচ্ছে।
তবে এই দেশগুলো বলছে, যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে তাদের আগে কিছু জানানো হয়নি। ইরানের পাল্টা হামলায় তারা ক্ষতিগ্রস্তও হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য এই দেশগুলো শুরু থেকেই কূটনৈতিক সমাধানের পক্ষে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধে ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই অঙ্কে ধরা হয়নি, তাই মোট ব্যয় আরও বেশি হতে পারে।
মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের সেপ্টেম্বরের হিসাবে, যুদ্ধ চললে প্রতি মাসে আরও ২ থেকে ৩ বিলিয়ন ডলার লাগবে।
বিশ্লেষকদের বেশির ভাগই মনে করেন, ট্রাম্প সরাসরি অর্থ আদায়ের চেষ্টা করবেন না।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাটহাম হাউসের নেইল কুইলিয়ামের মতে, এটি গুরুতর নীতিগত প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বার্তা বেশি। কুয়েত বিশ্ববিদ্যালয়ের বাদের আল-সাইফ বলেন, বক্তব্যটি মূলত মার্কিন দর্শকদের উদ্দেশে দেওয়া, উপসাগরীয় দেশগুলোও সেভাবেই নেবে।
বিশ্লেষক স্টেফান লুকাসের মূল্যায়ন, নির্বাচনের ফল থেকে দৃষ্টি সরাতে দোষ চাপানোর জায়গা খুঁজছেন মি. ট্রাম্প। আরব মিত্ররা বড় অঙ্কের অর্থ দেবে, এমন সম্ভাবনা তিনি কম দেখছেন। তবে ইসরায়েলের ক্ষেত্রে ট্রাম্প অর্থনৈতিক সুবিধা আদায়ে বেশি আগ্রহী হতে পারেন বলে তাঁর ধারণা। কারণ চলতি বছরের পর ইসরায়েলকে আর সহায়তা না দেওয়ার কথা আগেই জানিয়েছে ওয়াশিংটন।
আল-সাইফ বলেন, বিদ্যমান বাণিজ্যচুক্তি বা উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ-প্রতিশ্রুতিকেই ক্ষতিপূরণ হিসেবে দেখানোর পথ নিতে পারেন মি. ট্রাম্প।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ফরিদ বুসাইদও পরোক্ষ পথের কথা বলছেন। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ, অতিরিক্ত মার্কিন অস্ত্র কেনা এবং ট্রাম্পের ঘনিষ্ঠদের ব্যবসায় পুঁজি ঢালার মধ্য দিয়ে এটি আসতে পারে।
বাণিজ্যচুক্তি বা বিনিয়োগ-প্রতিশ্রুতিকে ‘উপহার’ বা ‘অর্থপ্রদান’ হিসেবে উপস্থাপন করা ট্রাম্পের পুরোনো অভ্যাস। ২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির পর তিনি বলেছিলেন, ইইউ ৬০০ বিলিয়ন ডলার ‘উপহার’ দিচ্ছে। অথচ চুক্তির কাঠামোয় বলা ছিল, ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় কোম্পানিগুলো বিভিন্ন কৌশলগত খাতে এই পরিমাণ বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।
একই মাসে জাপানের ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ-প্রতিশ্রুতিকে তিনি বেসবল খেলোয়াড়ের ‘সাইনিং বোনাসে’র সঙ্গে তুলনা করেছিলেন।
প্রথম মেয়াদে তিনি বলেছিলেন, মেক্সিকো সীমান্তের দেয়ালের খরচ মেক্সিকোই দেবে। দেয়াল শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়নি, মেক্সিকোও কোনো অর্থ দেয়নি।
বিশ্লেষকদের ধারণা, যে যুদ্ধ তারা শুরু করেনি, তার জন্য আরও অর্থ দিতে বলা হলে উপসাগরীয় দেশগুলো ভালোভাবে নেবে না। কুইলিয়ামের মতে, তারা প্রকাশ্যে বিরোধিতা না করে ‘নীরব প্রতিরোধ’ বেছে নিতে পারে। তাঁর যুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে তারা আগে থেকেই আঞ্চলিক নিরাপত্তার বড় ব্যয় বহন করছে। এই অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যবহৃত বেশ কয়েকটি বড় ঘাঁটির রক্ষণাবেক্ষণের খরচও দেয় উপসাগরীয় দেশগুলো।
ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি ভিন্ন নয়। ডারহাম বিশ্ববিদ্যালয়ের মারজিয়ে কুহি এসফাহানির মতে, ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণকারী, দাতা নয়। দুই দেশ গোয়েন্দা তথ্য বিনিময় করলেও ইসরায়েলের কাছে আর্থিক দায়ের অংশ চাওয়া প্রচলিত রীতির বিপরীত, আর দেশটির নিজস্ব সম্পদেরও সীমাবদ্ধতা আছে।