গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তবে পুলিশ বলছে, মৃত্যুর খবরটি গুজব। শ্রমিকদের মূল দাবি মজুরি বৃদ্ধি।
অবরোধের কারণে যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকে গন্তব্যে যেতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। বিক্ষোভের মুখে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়, এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
শনিবার সকালে সেই আহতদের একজন মারা গেছেন— এমন খবর ছড়ালে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নামেন এবং কারখানার কাছেই মহাসড়কে অবস্থান নেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন সংবাদমাধ্যমকে জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন হলেও এর পেছনে মূল কারণ বেতন-মজুরি বাড়ানোর দাবি। তিনি বলেন, “মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। তারা সড়ক অবরোধ করেছেন।”
তার ভাষ্য অনুযায়ী, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন, ফলে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন বলে জানা গেছে।