গাজীপুর কণ্ঠ ডেস্ক
মিক আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার হওয়া ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে আন্দোলনে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
এতে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি বাচ্চু মিয়া ও গার্মেন্টস ট্রেডিং কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ। তিনি বলেন, শ্রমিক আন্দোলনে যুক্ত থাকার কারণে যেসব শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থাও করতে হবে।
তিনি বলেন, কেউ কারখানা ভাঙচুরে জড়িত থাকলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে তাদের ধারণা, এসব ঘটনায় কোনো শ্রমিক জড়িত নন। রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি শ্রমিকদের ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি। মজুরি বোর্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলেন।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করা হচ্ছে। এতে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে শ্রমিকেরা কাজ ও মজুরি দুটোই হারাচ্ছেন। একটি কারখানায় পাঁচ থেকে ১০ হাজার শ্রমিক কাজ করতে পারেন। কারখানা বন্ধ হলে তারা কর্মহীন হয়ে পড়েন। এতে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়ে।
তিনি বলেন, কারখানায় সমস্যা দেখা দিলে শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সরকারের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পোশাকশিল্পে নতুন করে শ্রম অসন্তোষ এড়াতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় পোশাকশ্রমিকেরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ২০২৩ সালে শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। ২০২৪ সালের ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তিতে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তবে জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এ হার এখনো সামান্য বলে মন্তব্য করেন মীর আবুল কালাম আজাদ।
তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণার তথ্য বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড যৌক্তিক সুপারিশ করবে। নতুন মজুরি ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে উল্লেখ করে তিনি জানান, মজুরি নির্ধারণে শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে মজুরি বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার দাবি জানান নেতারা। হাসপাতালের বহির্বিভাগে শ্রমিকদের চিকিৎসাসেবা চালু এবং নির্ধারিত মূল্যে চাল সরবরাহের সরকারি ঘোষণাও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।