গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ‘টিনশেড’ বাড়িতে আগুন

একই চত্বরে মোজাম্মেল হকের আটতলা একটি ভবনও আছে। সেটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ‘টিনশেড’ বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা

গাজীপুর শহরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।

মোজাম্মেল হক বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি। তিনি এক সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যাচ্ছে, রাত সাড়ে আটটার দিকে শহরের জোড়পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িটিতে তখন ভাড়াটিয়ারা ছিলেন।

সূত্রগুলোর ভাষ্য, একদল লোক এসে তাদের ঘর থেকে বের করে দেয় এবং এরপর আগুন লাগায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

একই চত্বরে মোজাম্মেল হকের আটতলা একটি ভবনও আছে। সেটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছিল।

তার ভাষ্য, বাড়িটি কার, সে বিষয়ে তারা তখনো নিশ্চিত ছিলেন না। তিনি আরও জানান, তখনো তাদের দুটি ইউনিট কাজ করছিল।

জিএমপির সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, কারা আগুন দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য: সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মোজাম্মেল হকের নামে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও তাদের ওপর আক্রমণের প্রসঙ্গ আছে বলে বলা হচ্ছে। এ নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর ধীরাশ্রমের হায়দরাবাদে তার গ্রামের বাড়িতেও ছাত্র-জনতার একটি অংশ হামলা চালিয়েছিল।