কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সহায়তা চায় কর্তৃপক্ষ

বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দীসহ নানা ধরনের প্রায় ১২ হাজার বন্দী রয়েছে।

কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সহায়তা চায় কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা 

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। 

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে এ চিঠি দেওয়া হয়।

‘কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা টহল জোরদারকরণ প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে, এই ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার আছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দীসহ নানা ধরনের প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। তাই চার কারাগারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা ও টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠি অনুযায়ী, ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের সূত্র ধরেই কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাকে চিঠি পাঠিয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে, সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জিওসি, গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে।

 এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।