দ্য ইকোনমিস্ট
বাংলাদেশের ব্যাংক খাত কার্যত দেউলিয়া হওয়ার পথে বলে মন্তব্য করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।
সংকটের কারণে নতুন নির্বাচিত বিএনপি সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকেই চাপে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ এখন খেলাপি। ভারতে এই হার ১.৭ শতাংশ, পাকিস্তানে ৫ শতাংশ। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর মূলধনের অনুপাত নেমে গেছে ঋণাত্মক ৩.৮ শতাংশে।
ইকোনমিস্ট ঢাকার একটি ক্যাফের মালিকের কথা তুলে ধরেছে, যিনি প্রায় এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। শাখায় গেলে তাঁকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘তারল্য সংকট’ চলছে। অন্তত ছয়টি ব্যাংকের আমানতকারীরাও একই অভিযোগ করেছেন। তাঁদের কেউ সন্তানের বিয়ে, কেউ বাবা-মায়ের দাফনের জন্য রাখা টাকা তুলতে পারছেন না।
প্রতিবেদনের ভাষ্য, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক থেকে বড় আকারে অর্থ লুটপাট হয়েছে। ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে তিনি ক্ষমতা হারান। ব্যাংক পরিচালনা ও ঋণ নেওয়ার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যবসায়ীদের কেউ এখন কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।
ইকোনমিস্টের মতে, খেলাপি ঋণ মূলত দুই ধরনের ব্যাংকে কেন্দ্রীভূত: ইসলামি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক। দুই ক্ষেত্রেই আওয়ামী লীগের ঘনিষ্ঠদের শীর্ষ পদে বসানো হয়েছিল। সাধারণ বাণিজ্যিক ব্যাংকের অবস্থা তুলনামূলক ভালো।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের জন্য এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। তিনি ইকোনমিস্টকে বলেন, ব্যাংক লুটের যে উত্তরাধিকার পাওয়া গেছে, এখন সেটিই সামলাতে হচ্ছে।
ইকোনমিস্ট উদাহরণ হিসেবে ইসলামী ব্যাংকের কথা বলেছে। প্রতিবেদন অনুযায়ী, একসময় ব্যাংকটির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ওঠার পর এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এস আলম এই অভিযোগ অস্বীকার করেছে। পরে ব্যাংকের প্রায় অর্ধেক ঋণ গ্রুপটির বিভিন্ন কোম্পানির নামে দেওয়া হয়।
গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদকে শেখ হাসিনার মিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। সিঙ্গাপুরের নাগরিক মাসুদ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে আসছেন না। জামায়াতের দাবি, ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ সাজানো ছিল। মাসুদ কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের হার বাড়ার একটি কারণ হিসাবের স্বচ্ছতা। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের মূল বকেয়ার ২ শতাংশ পরিশোধ করলেই ঋণ নিয়মিত দেখানোর সুযোগ দেয়। ২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল, প্রকৃত খেলাপি ঋণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মান অনুযায়ী ৯০ দিনের বকেয়া ঋণকেও খেলাপি হিসেবে ধরা শুরু করে।
সংকটের প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণপ্রবাহে। ২০২৫ সালে যেখানে প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ, এ বছর তা ৪.৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরে সর্বনিম্ন। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৭ শতাংশ। আগের সরকারের সময় এই হার ছিল প্রায় ৬.৫ শতাংশ, যদিও অন্তর্বর্তী সরকার বলেছিল সেটি বাড়িয়ে দেখানো।
ইকোনমিস্ট বলছে, শুধু ব্যাংক সংকট নয়, ইরান যুদ্ধের শুরুর দিকের জ্বালানি সংকট এবং এখনকার ধর্মঘটও উৎপাদনে প্রভাব ফেলেছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছর দেশে দারিদ্র্য বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত জরুরি সহায়তা হিসেবে ব্যাংকগুলোতে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা জিডিপির ১.২ শতাংশ। মুডিসের হিসাবে, খাতটিকে পুনর্মূলধনীকরণ করতে কয়েক বছরে জিডিপির প্রায় ১০ শতাংশ প্রয়োজন।
সরকারের রাজস্ব আয় জিডিপির মাত্র ৭ শতাংশ, পাকিস্তানে যা প্রায় ১০ শতাংশ। বাজেট ঘাটতি ৩.৩ শতাংশ। সরকারি ব্যয় মেটাতে ভালো অবস্থার বেসরকারি ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে বাজারে টাকার জোগান বাড়ছে এবং মূল্যস্ফীতিতে চাপ পড়ছে।
প্রতিবেদনে সমালোচনা করে বলা হয়েছে, জুনে সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য সুদ পুনঃতফসিলের সুযোগ এবং ঋণের সুদের হারে সীমা বেঁধে দেওয়ার মতো পদক্ষেপ সমস্যা সমাধানে সরকারের গড়িমসির ইঙ্গিত দিচ্ছে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ইকোনমিস্টকে বলেন, সরকার সমস্যা এড়িয়ে যাচ্ছে না, ব্যাংকগুলোর হিসাবের খাতা পরিষ্কার করার চেষ্টা চলছে। যেসব ঋণের সম্পদ ভালো, সামান্য সময় পেলে যারা শোধ করতে পারবে, তাদের সেই সুযোগ দেওয়া হবে।
ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন আইনশৃঙ্খলা নিয়েও চাপে আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা জানানোর পর ঢাকায় ৫০টির বেশি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়েছে। সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগ আছে। ইকোনমিস্টের ধারণা, শেখ হাসিনা সম্ভবত ফাঁকা হুমকি দিচ্ছেন। তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ফিরে এলে তিনি সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রে পরিণত হতে পারেন।
একজন অর্থনীতিবিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি-ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৫ বছর ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। এতে ব্যাংক সংস্কারের কারণ যেমন তৈরি হতে পারে, তেমনি নতুন একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পথও খুলতে পারে। এক সাবেক কর্মকর্তার মন্তব্য, ‘মৌলিকভাবে বাংলাদেশের কিছুই বদলায়নি।’