গাজীপুর কণ্ঠ ডেস্ক
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবাহী (বিস্ফোরক) একটি মালবাহী জাহাজ আটক করেছে দেশটির নৌবাহিনী।
নৌবাহিনীর দাবি, কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চীন থেকে বাংলাদেশে যাচ্ছিল। নৌবাহিনীর হিসাবে, এই পরিমাণ সোডিয়াম পারক্লোরেট দিয়ে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। তবে জাহাজটির মালিক ও সোডিয়াম পারক্লোরেটের প্রাপক কে, তা প্রকাশ করা হয়নি।
নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চল কমান্ড (কোদারাল-১) জানায়, গত ৭ নভেম্বর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ বেলাওয়ানের জলসীমায় জাহাজটি পরীক্ষা করে।
ঘটনার ১৩ দিন পর গত শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে কোদারাল-১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

নৌবাহিনীর ভাষ্য, জাহাজটি তখন জ্বালানি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্বাভাবিক নিয়মে চলাচল না করা এবং বেতারে সাড়া না দেওয়ায় সন্দেহ হয় টহল দলের। পরে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালের জেটিতে ভেড়ানো হয়। সেখানে ৩৬টি কনটেইনার পরীক্ষা করে দেখা যায়, এর ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট আছে।
কোদারাল-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল দেনি সেপ্টিয়ানা বলেন, সোডিয়াম পারক্লোরেট সরাসরি বিস্ফোরক নয়। এটি জারক পদার্থ, যা অন্য উপাদানের সঙ্গে মিশে রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যায়। তিনি বলেন, ‘এটি অবশ্যই বিপজ্জনক পণ্য, যা রকেট তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হয়।’
নৌবাহিনীর হিসাবে, একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট লাগে। সেই হিসাবে ৪০৫ টনে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র হতে পারে। তবে এটি নৌবাহিনীর নিজস্ব হিসাব, স্বাধীনভাবে যাচাই হয়নি।
কোদারাল-১ চারটি বিষয়ে অসংগতির কথা বলেছে।
-বিপজ্জনক পণ্য পরিবহন: মোড়ক, স্তূপ করে রাখা, চিহ্ন, আলাদা রাখা, বায়ুচলাচল ও জাহাজের নিরাপত্তা-মান মানা হয়নি বলে সন্দেহ।
-নিরাপত্তা সরঞ্জাম: অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফর্যাফট ও লাইফবোটের মেয়াদ শেষ। দুটি ডিজেল জেনারেটর বিকল।
-চলাচলের নথি: জাহাজটি চীন থেকে ইন্দোনেশিয়ার দিকে যাওয়ার দুটি জাহাজ-ছাড়পত্র নিয়ে চলছিল।
-শুল্ক নথি: মেনিফেস্টে ১৫টি কনটেইনারের কথা থাকলেও জাহাজে ছিল ৩৬টি। মালের চিহ্ন ও ওজনেও গরমিল পাওয়া গেছে।
নৌবাহিনী আরও জানায়, জাহাজের কিছু নথির মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হয়ে গেছে এবং নথির বৈধতা ‘স্থগিত’।
জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। জাহাজ ও শুল্ক আইনের আওতায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেনি সেপ্টিয়ানা বলেন, এসব তথ্য এখনো কারও অপরাধের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

কোদারাল-১ সোডিয়াম পারক্লোরেটের মূল্য ধরেছে প্রায় ৭ দশমিক ৫ ট্রিলিয়ন রুপিয়া। তবে সংস্থাটি নিজেই জানিয়েছে, এটি পরীক্ষাগার-মানের পণ্যের ক্যাটালগ দামে করা হিসাব, বড় আকারের শিল্প চালানের প্রকৃত বাজারদর নয়।
জাহাজ অনুসরণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, ‘স্টার লাইন’ ২০০৯ সালে তৈরি একটি সাধারণ মালবাহী জাহাজ। এর দৈর্ঘ্য ৯৭ মিটার, প্রস্থ প্রায় ১৫ দশমিক ৮ মিটার, মোট আয়তন (গ্রস টনেজ) ২ হাজার ৯৮০ এবং মালবহনের সক্ষমতা ৫ হাজার ৬৬ টন। আন্তর্জাতিক নৌ সংস্থার নম্বর ৮৩৫৬৯৬২। আগে জাহাজটির নাম ছিল ‘আনজি সান’, ‘ফ্রেন্ড সানি’ ও ‘ইভারসান’। মালিক বা ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নাম ওই ওয়েবসাইটে নেই।
ওয়েবসাইটে জাহাজটির গন্তব্য হিসেবে বাংলাদেশের মোংলা বন্দর দেখানো আছে। সর্বশেষ বন্দর বেলাওয়ান।
সোডিয়াম পারক্লোরেটের আমদানিকারক বা প্রাপক কে, তা ইন্দোনেশীয় নৌবাহিনী জানায়নি। রাসায়নিকটি শিল্পকারখানার কাজে আসছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, তা-ও স্পষ্ট নয়। এ বিষয়ে বাংলাদেশ সরকার বা মোংলা বন্দর কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।